মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)
জানুয়ারি ২৮, ২০২৬, ০১:২৫ পিএম
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও নারী সমর্থকরা বিভিন্ন এলাকায় ভোট চাইতে গিয়ে ভোটারদের কাছে এনআইডি কার্ডের ফটোকপি ও বিকাশ নাম্বার চাচ্ছিল। ভোটারদের কাছে এনআইডির ফটোকপি ও বিকাশ নাম্বার চাওয়া নির্বাচনী আচরণবিধির বহির্ভূত হওয়া আমার দলের নেতাকর্মীরা তার প্রতিবাদ করেন।
মঙ্গলবার সন্ধ্যায় ভূঞাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানালে জামায়াতের কর্মী সমর্থকরা সেখান থেকে পালিয়ে যায়। তারপরও আমার দলের সমর্থকরা যারা বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, উচ্ছৃঙ্খল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। জামায়াতের নেতাকর্মীরাও তাদেরকে জামায়াতের কর্মী বলে সমর্থন দিচ্ছে। আর এই জামায়াতের সাথে যোগ দেওয়া আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করে যাচ্ছে।
মতবিনিময় সভায় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সহ প্রেসক্লাবের সদসবৃন্দ।
এএন