মিরাজ আহমেদ, মাগুরা
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:৫২ পিএম
বিএসসি ডিগ্রিধারীদের একটি অংশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ এবং আন্তমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবিতে মাগুরায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
সোমবার রাত ৮টার দিকে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
মিছিলটি মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। এতে প্রায় ২০০ থেকে ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন।
তারা জানান, দাবি আদায় না হলে আগামী দিনের ষষ্ঠ ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা স্থগিত রাখা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পলিটেকনিক কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিসবাহ আহমেদ, মাগুরা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রশিবিরের সভাপতি মো. শাহরিয়ার আকাশ ও সেক্রেটারি মো. আকিব আহমেদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ন্যূনতম ৩৩ শতাংশ আসনে ভর্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের ৯ম গ্রেডে আবেদন করার সুযোগ পুনর্বহাল এবং বিভিন্ন সরকারি সংস্থায় ১০ম গ্রেডের পদে তাঁদের আবেদনের অধিকার নিশ্চিত করতে হবে।
এ ছাড়া আইইবি ও বিএইটিই-এর একচ্ছত্র কর্তৃত্ব বন্ধ করে প্রকৌশল শিক্ষার কারিকুলাম ও মেম্বারশিপের দায়িত্ব সরকারকে সরাসরি গ্রহণ করার দাবি তোলা হয়।
একই সঙ্গে আইডিইবি ঘোষিত সকল যৌক্তিক দাবি এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।
ইএইচ