বরিশাল ব্যুরো
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:৫৩ পিএম
আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রেপ্তারকৃত শহিদ প্যাদা ওই ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি।
শনিবার তার স্ত্রী সানজিদা আফরিন সাহানা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সানজিদা আফরিন অভিযোগ করেন, তাঁর স্বামী স্থানীয়ভাবে প্রভাবশালী। তিনি বিএনপির পক্ষে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত জেনে প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করানো হয়েছে।
তিনি দাবি করেন, জামায়াত ও জাতীয় পার্টির লোকজন তাঁর স্বামীকে গ্রেপ্তার করিয়েছে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে শহিদ প্যাদার বাড়িতে অস্ত্র রয়েছে এমন অভিযোগে অভিযান চালায় সেনাবাহিনী। তাঁর বাড়ি ও আশপাশের ঘর এবং ঘেরে অভিযান চালিয়ে মাদক সেবনে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদের বরাতে এক ক্ষুদে বার্তায় বলা হয়, মাদক ও সমাজে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অপরাধ নির্মূলে সেনাবাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
ইএইচ