বরিশাল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৫০ পিএম
বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাসে বিচার কার্যক্রম চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুল রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় আদালত প্রাঙ্গণে অবস্থিত নিজস্ব চেম্বার থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আটকের পর তাঁকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক এস এম শরীয়ত উল্লাহ শুনানি শেষে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ আইনজীবীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলায় সাধারণ মানুষকে জামিন পেতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে। এই বৈষম্যের প্রতিবাদে আইনজীবীরা মঙ্গলবার থেকেই আদালত বর্জন ও বিক্ষোভ করে আসছিলেন।
তিনি আরও বলেন, আমরা আইনজীবী সমিতির সভাপতির আটকের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে বিতর্কিত ওই বিচারকের অপসারণ দাবি করছি। যতক্ষণ পর্যন্ত তাঁকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
জেএইচআর