ইসলাম রকিব, চুয়াডাঙ্গা
ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪০ পিএম
চুয়াডাঙ্গার নবনির্বাচিত দুই সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন নিজের পরিচয় প্রদানের পর জেলার চারটি উপজেলার নির্বাহী অফিসারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। এরপর সংসদ সদস্যরা জেলার উন্নয়নে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন জেলার স্বাস্থ্য বিভাগের নাজুক পরিস্থিতি এবং হাট-ঘাট ও জলাশয় দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাজস্ব আয় বৃদ্ধিতে ওপেন টেন্ডার এবং কাবিখা ও টাবিখাসহ সকল কাজে ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের অবস্থা নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বছরের পর বছর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সরকারি বরাদ্দ আসলেও তার যথাযথ ব্যবহার হয় না। উল্টো পৌরসভার শ্রমিক দিয়ে নামমাত্র কাজ করিয়ে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, সাব-রেজিস্ট্রি, বিআরটিএ ও পাসপোর্ট অফিস দালাল চক্রের দখলে যাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ। এ ছাড়া ধীরগতির ওভারপাস নির্মাণ এখন জেলাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি ক্রীড়া সংস্থা ও সরকারি অফিসগুলো দখলমুক্ত করার তাগিদ দেন।
পরিচিতি সভায় চুয়াডাঙ্গার সামগ্রিক উন্নয়নে অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দুই সংসদ সদস্য। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিকুজ্জামানসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর