সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)
ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৩৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অলিমদ্দিন সরদার পাড়ায় অবস্থিত একটি ব্রিজ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ এই ব্রিজটি দিয়ে পারাপারের সময় এলাকাবাসী, পথচারী ও যানবাহন চালকরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন চলাচল করে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে অবগত করার পর তারা ব্রিজের পাশে একটি সিমেন্টের খুঁটি পুঁতে দিয়েছিল যাতে ভারী যান চলাচল করতে না পারে। তবে সেই খুঁটিটি ভেঙে যাওয়ায় আবারও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
সরেজমিনে দেখা যায়, ব্রিজ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ার মাটি সরে গেছে। যেকোনো সময় খুঁটিটি উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। এছাড়া ব্রিজের কোল ঘেঁষে যাওয়া পৌরসভার ওয়াসার পানির পাইপটিও এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, সামনে ঈদ উপলক্ষে মহাসড়কে গাড়ির চাপ বাড়লে বিকল্প পথ হিসেবে এই ব্রিজ দিয়ে অটোরিকশা ও মাহিন্দ্রার চলাচল আরও বেড়ে যাবে। তাই জনস্বার্থে ঈদের আগেই ব্রিজটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।
এ ব্যাপারে গোয়ালন্দ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, ইতিমধ্যে ব্রিজটির জরাজীর্ণ অবস্থার কথা আমি শুনেছি। এটি নতুন করে নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, পৌরসভার উন্নয়নে ১০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এই প্রকল্প পাশ হলে পৌরসভার অধিকাংশ জনগুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর