শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)
মার্চ ২৫, ২০২৬, ০৩:৩৪ পিএম
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লে. তানবির। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের ওপর পরিকল্পিতভাবে ঝাঁপিয়ে পড়ে। তারা রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ইতিহাসের বর্বরোচিত গণহত্যা চালায়। এই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর