রাকিবুল হাসান, রাজশাহী
এপ্রিল ২৩, ২০২৬, ০৩:০৮ পিএম
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ১৭ জন ভূমি মালিকের মাঝে মোট ২ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৪২২ টাকার চেক বিতরণ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর পাওনা অর্থ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
চেকপ্রাপ্তদের মধ্যে নগরের বোসপাড়া এলাকার আনোয়ার হোসেন ৪৫ লাখ ৬৩ হাজার ৯৮৪ টাকার চেক গ্রহণ করেন। তিনি জানান, পবা উপজেলার বাজে সিলিন্দা এলাকায় তার মায়ের জমি অধিগ্রহণ করা হয়েছিল। আইনি জটিলতায় দীর্ঘ কয়েক বছর আটকে থাকার পর জেলা প্রশাসকের আন্তরিকতায় তারা এই অর্থ হাতে পেলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এই উন্নয়ন কার্যক্রমে ভূমি দিয়ে সহযোগিতা করায় সরকার বাজারমূল্যের প্রায় তিনগুণ ক্ষতিপূরণ প্রদান করছে।
তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও তা দ্রুত সমাধান করে অর্থ হস্তান্তর করা হচ্ছে। ভবিষ্যতে যাতে কোনো ভূমি মালিক ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন কাজ করছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতিপূরণের অর্থ পেয়ে ভূমি মালিকরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেএইচআর