শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
মে ১, ২০২৬, ১০:২৩ পিএম
চাঁদপুরের শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে সালমা আক্তার (২৩) নামে এক প্রবাসী গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মধ্য বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
নিহত সালমা আক্তার চিতোষী পশ্চিম ইউনিয়নের দৈয়ারা বেপারী বাড়ির মেয়ে। প্রায় ৫ বছর আগে একই উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর ছোয়ানী বাড়ির সৌদি প্রবাসী মোঃ রিয়াদ হোসেনের (২৬) সাথে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী স্বামীর সাথে কলহের জেরে অভিমানে নিজের ৪ বছরের মেয়েকে বাসার বাইরে পাঠিয়ে দেন সালমা। এরপর স্বামীকে ভিডিও কলে রেখে বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর