পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মে ৩, ২০২৬, ০২:৫৪ পিএম
চট্টগ্রামের পটিয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে যথাযোগ্য মর্যাদায় মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে পটিয়া উপজেলার খরনা মুজাফফরাবাদ শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, সমন্বয় কমিটি এবং বধ্যভূমি সংরক্ষণ পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, "ইতিহাস বিকৃতির যে অপচেষ্টা বিভিন্ন সময়ে হয়েছে, তা কখনোই সফল হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়, কারণ এ দেশের মানুষ জানে তিনি মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সারিতে থেকে লড়াই করেছেন।" তিনি বর্তমান ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও নির্ভুল ইতিহাস তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে ‘শিশু মুক্তিযোদ্ধা’ পরিচয়ে যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে তা দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা এবং ৩ মে মুজাফফরাবাদ গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের একটি সঠিক তালিকা প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। এছাড়া পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মে মুক্তিযুদ্ধ চলাকালে পটিয়ার খরনা মুজাফফরাবাদ গ্রামে পাকিস্তানি বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে তিন শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছিল। সেই ভয়াবহ স্মৃতি স্মরণে প্রতিবছরই স্থানীয়ভাবে এই দিবসটি পালন করা হয়।
জেএইচআর