মো: নুরুল আমিন, খুলনা
মে ৫, ২০২৬, ০৭:২৭ পিএম
খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল এলাকায় পেট্রোল ঢেলে নিজের স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক পেট্রোল পাম্প কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার খর্ণীয়া এলাকার একটি পেট্রোল পাম্পে কর্মরত জনি (৩০) নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের জেরে মঙ্গলবার বেলা ১টার দিকে তার স্ত্রী বিথির (২৬) ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ঘর থেকে পেট্রোল এনে স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।
বিথির চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর স্থানীয়রা বিথির পরিবারকে খবর দিলে তারা দ্রুত তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিকেলে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।
জানা গেছে, জনি ও বিথি দম্পতির একটি শিশু সন্তান রয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছের আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত জনিকে পাওয়া যায়নি। তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এম জি