কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
মে ১২, ২০২৬, ০৪:০৭ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে চন্দ্রা কাঁচাবাজার সংলগ্ন পূর্ব পাশের জঙ্গল থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪-৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন- উপজেলার রতনপুর সেনপাড়া এলাকার দেলোয়ার ওরফে দেলু (৩৭), হাফিজ উদ্দিন হাইদু (২৬), সুজন সিকদার (৩৫), লাদেন মার্কেট এলাকার মারুফ ইসলাম (২৩), শান্ত ইসলাম (২৩), জুম্মান (২৫) এবং জহিরুল ইসলাম (৩৫)। পুলিশ জানিয়েছে, আটক জহিরুল ইসলামের স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলায়।
কালিয়াকৈর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চন্দ্রা কাঁচাবাজারের পাশের জঙ্গলে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৭ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পালিয়ে যাওয়া বাকি সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
জেএইচআর