কুমিল্লা প্রতিনিধি
মে ১২, ২০২৬, ০৪:৩০ পিএম
কুমিল্লার হোমনা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হোমনা থানাধীন সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট চলাকালে এই মাদক উদ্ধার করা হয়।
হোমনা থানার এসআই (নি.) মোসলেহ উদ্দিন ও এএসআই (নি.) আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সাদ্দাম বাজার এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন। এসময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারকে থামার সংকেত দেয় পুলিশ।
চালক সংকেত অমান্য করে মেঘনা থানার দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। একপর্যায়ে মেঘনা থানাধীন মানিকারচর এলাকায় গিয়ে পুলিশ প্রাইভেটকারটি আটকে সক্ষম হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক কৌশলে গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে এর পেছনের কেবিনেট থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, মাদক কারবারিরা পুলিশের সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করেছিল। ধাওয়া করে গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জেএইচআর