রফিকুল ইসলাম, পূর্বাচল
জানুয়ারি ৯, ২০২৬, ০৫:৩১ পিএম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরুর পর প্রথম শুক্রবার ছুটির দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে মেলা প্রাঙ্গণে।
শুক্রবার সকালবেলা দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিতে জমে ওঠে পুরো মেলা।

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে দূর-দূরান্ত থেকে মেলায় এসেছেন অনেকে। অনেকেই সঙ্গে এনেছেন পরিবারের ছোট সদস্যদেরও।
এবারের মেলায় দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে কাশ্মীরি শাল, বিভিন্ন ধরনের পোশাক, কার্পেট, তুর্কি মোজাইক, ল্যাম্প ও বাহারি ঘর সাজানোর সামগ্রী। নারীদের ভিড় লক্ষ্য করা গেছে অ্যালুমিনিয়ামের গৃহস্থালি পণ্যের স্টলগুলোতে।
এছাড়া রাজধানীর যানজট ও জ্বালানি ব্যয়ের কথা বিবেচনায় রেখে অনেক দর্শনার্থী আগ্রহ দেখাচ্ছেন ইলেকট্রিক বাইকের প্রতি। পরিবেশবান্ধব ও কম খরচে চলাচলের সুবিধার কারণে ইলেকট্রিক বাইকের স্টলগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, আগের বছরের তুলনায় এবারের বাণিজ্য মেলা অনেক বেশি গুছানো ও সাজানো। স্টলগুলোর বিন্যাস, চলাচলের সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক বলে মন্তব্য করেন তারা।
স্টল প্রতিনিধিরা জানান, মেলার প্রথম কয়েকদিন কাঙ্ক্ষিত বেচাকেনা না হলেও আজ প্রথম ছুটির দিনে দর্শনার্থীর ভিড় বাড়ায় তারা ভালো ব্যবসার আশা করছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন স্টলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

ব্যবসায়ীদের ভাষ্য, মাসব্যাপী এ আয়োজনের শুরুতে প্রথম ছুটির দিনেই মেলা জমে ওঠায় সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে তারা আশাবাদী।
এদিকে, দর্শনার্থীদের বিনোদনের জন্য আজ বাণিজ্য মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক মঞ্চ আয়োজন করা হয়েছে। সন্ধ্যা থেকে সেখানে কনসার্ট অনুষ্ঠিত হবে, যা মেলার আনন্দকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন আয়োজকরা।
উল্লেখ্য, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
জেএইচআর