রাকিবুল হাসান, রাজশাহী
জানুয়ারি ২০, ২০২৬, ০৫:০৪ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে তারা আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে রাবির প্যারিস রোডে শাখা শিবিরের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে শিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘শাকসু বানচালের অপচেষ্টা মানি না মানব না’ এবং ‘হারার ভয়ে খেলে না, এ কথা তো বলে না’।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে রাবি শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র সংসদ চালুর দাবি ছিল অন্যতম প্রধান বিষয়। সরকার পরিবর্তন হলেও এখনো ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও বিএনপির নেতারা পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বন্ধ করতে তৎপর রয়েছে। রাকসু নির্বাচনের সময়ও একাধিকবার একই কৌশলে নির্বাচন স্থগিত করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্ধারিত দিনে শাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মী ও তাদের সহযোগীদের মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচাল করা হয়েছে। আদালতকে ব্যবহার করে এই নির্বাচন বন্ধ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত শাকসু নির্বাচন কার্যকর না হলে সারাদেশের শিক্ষার্থীরা আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন শিবির সভাপতি।
মানববন্ধনে বক্তব্য দেন রাকসুর ভিপি ও সাবেক শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, একটি গোষ্ঠী ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়, কারণ তারা নির্বাচনের মাধ্যমে বারবার পরাজিত হয়। শিক্ষার্থীদের অধিকার ও চাওয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, শাকসু নির্বাচন বন্ধ করতে কয়েক দিন ধরেই পরিকল্পিত আন্দোলন চলছে। রিট ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেও নির্বাচন স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে একটি সমন্বিত উদ্যোগে শাকসু নির্বাচন বানচাল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বিভিন্ন হল সংসদের ভিপি ও শিবিরের হল শাখা সভাপতিরা বক্তব্য দেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর