এস এম মঈন
জানুয়ারি ৭, ২০২৬, ০১:১৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন জমা নেয়া হচ্ছে। এ আপিল আবদেন জমা নেয়া শুরু হয়েছে সোমবার থেকে।
বুধবার তৃতীয় দিনের মতো চলছে আপিল আবেদন জমা নেয়ার কার্যক্রম। প্রথমদিন ৪২টি আপিলের পর দ্বিতীয় দিনে জমা পড়েছে ১২২টি আপিল আবেদন। অর্থাৎ, মোট আবেদন জমা পড়েছে ১৬৪টি।
সম্প্রতি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।
ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দিনের আপিলে মোট ১৬৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মঙ্গলবার ১২২টি এবং সোমবার জমা হয়েছিল ৪২টি আবেদন।
ইসি সূত্রে জানা গেছে, যারা আপিল আবেদন করছেন তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মূলত মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষরের তথ্যে গরমিল সংক্রান্ত সমস্যাই আপিলের প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে।
আপিলের এ কার্যক্রম চলবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
জেএইচআর