আমার সংবাদ ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬, ০৬:২০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করে দ্বিতীয় দিনেও বড় সাফল্য পেয়েছেন প্রার্থীরা। আজ শুনানিতে মোট ৫৭ জন প্রার্থী তাদের প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, সাতজন প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর বা বাতিল করা হয়েছে।
রোববার বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আপিল শুনানি শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, আজকের নির্ধারিত ৭০টি আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭টি আবেদন মঞ্জুর করে কমিশন তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আইনি ও নথিপত্রের ত্রুটির কারণে ৭টি আবেদন বাতিল করা হয়েছে এবং বাকি ৬টি আপিলের বিষয়ে সিদ্ধান্ত মুলতবি রাখা হয়েছে।
উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এর ফলে প্রাথমিক বাছাইয়ে বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৪২ জন। তবে নির্বাচন কমিশনে চলমান এই আপিল শুনানি শেষ হলে বৈধ প্রার্থীর চূড়ান্ত সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
জেএইচআর