আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।
সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।
এর আগে ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান মন্তব্য করেছিলেন যে, ‘এই কোর্টে সঠিক বিচার হতে পারে না’ এবং বিচারকদের কার্যক্রম নিয়ে তার সন্দেহ আছে।
এর পর ট্রাইব্যুনাল চেয়ারম্যান ৩০ নভেম্বর মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। একই সঙ্গে ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
৩ ডিসেম্বর ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা আবেদন করেন। ট্রাইব্যুনাল এই ক্ষমা বিবেচনা করে আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি প্রদান করে।
জেএইচআর