ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৫৫ পিএম
ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী বছরে দুইবার নেতৃত্ব পুনর্গঠন বা সেটআপ করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের সমাপ্তি ঘটেছে। তিনি বলেন, ‘ছাত্রশিবিরের বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।’

এর আগে, প্রায় দুই মাস আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছিল।

ওই ঘোষণার পর ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সেই নীতির ধারাবাহিকতায় সর্বশেষ ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনে সাদিক কায়েম ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

এএন