এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৩:৫১ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা অবিলম্বে দেশব্যাপী স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে লাখো পরীক্ষার্থীর স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া সমীচীন হবে না।

সোমবার জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বন্যা ও অতিবৃষ্টির কারণে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হওয়ায় সেগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় অনেক পরীক্ষার্থীর পক্ষে বুকসমান পানি ও তীব্র স্রোত অতিক্রম করে কেন্দ্রে পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে।

সংগঠনটির ভাষ্য, দেশের বিভিন্ন স্থানে যখন প্রাণহানির খবর আসছে এবং অসংখ্য পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছে, তখন পরীক্ষা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের শামিল। অনেক পরীক্ষার্থীর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বই-খাতা পানিতে নষ্ট হয়ে গেছে। এছাড়া গ্রামীণ এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা প্রস্তুতিও ঠিকভাবে নিতে পারছে না।

বিবৃতিতে আরও বলা হয়, এমন বৈরী পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হলে সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না, যা মেধা মূল্যায়নে বৈষম্য সৃষ্টি করবে। তাই শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি মনে করে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন করে পরীক্ষার সময়সূচি ঘোষণা করাই হবে সবচেয়ে যৌক্তিক, মানবিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত।

এএন