আমার সংবাদ ডেস্ক
মে ২৮, ২০২৬, ১০:৩১ এএম
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা অনুষ্ঠিত হয় এবং এরপর দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের জন্য বিশেষ ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের জন্যও সুনির্দিষ্ট সুবিধা নিশ্চিত করা হয়।
এ ছাড়া সাধারণ মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, জরুরি মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছিল। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সাড়ে তিন হাজার নারীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল জাতীয় ঈদগাহ ময়দানে।
জেএইচআর