নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৫, ০২:৩৪ পিএম
মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারী ও উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে তার সমর্থকদের ওপর হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতবিরোধ থাকলেও সহিংসতার কোনো বৈধতা নেই।
এনসিপি জানায়, বাউল, ফকির, সুফি ও তাসাওফপন্থীসহ নানা আধ্যাত্মিক ধারার অবদান বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই বৈচিত্র্য রক্ষা করা মানে দেশের মানবিক ও সম্প্রীতিমূলক রাষ্ট্রচিন্তা সুরক্ষিত রাখা।
বিজ্ঞপ্তিতে ধর্মীয় প্রশ্নে সহিংসতা বরদাস্ত না করার আহ্বান জানিয়ে বলা হয়, আলেম সমাজ যুগের পর যুগ শান্তিপূর্ণ দাওয়াত, প্রজ্ঞা ও সদাচরণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রচার করে আসছেন। যেকোনো মতভিন্নতার সমাধান হওয়া উচিত শান্তিপূর্ণ সংলাপ ও আইনের মাধ্যমে, কখনোই জনতা বা গোষ্ঠীর হাতে নয়।
এনসিপি মানিকগঞ্জের ঘটনাবলির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে বাউল–ফকির–তাসাওফপন্থীসহ সকল সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
উল্লেখ্য, রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ সেওতা এলাকায় বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারকে কেন্দ্র করে তার ভক্ত–অনুরাগীদের ওপর হামলা হয়। এতে চারজন আহত হন। ‘সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারের একদল ব্যক্তি এবং আবুল সরকারের অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে।
ইএইচ