নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল রয়েছে।
শুক্রবার বিকেলে তার একটি ছোট অস্ত্রোপচার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। এক মাসের চিকিৎসাকালীন সময়ের মধ্যে বর্তমানে তিনি তুলনামূলক ভালো আছেন বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।
বিকেলে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ডা. জাহিদ বলেন, “ম্যাডাম আজকে অপারেশনটি সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, ওনার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি বরং গত এক মাসের মধ্যে এখন ওনার অবস্থা বেশ স্থিতিশীল আছে।”
তিনি আরও জানান, বেগম জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক বোর্ড জানিয়েছে, সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। অপারেশন পরবর্তী পর্যবেক্ষণের জন্য তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ডা. জাহিদ হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবার ও বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন। ওনার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যালোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আজকের এই সফল অস্ত্রোপচার ওনার স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতির পথে একটি ইতিবাচক দিক বলে মনে করছেন চিকিৎসকরা।
ইএইচ