আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:২৯ পিএম
বিপিএলের দ্বাদশ আসর শুরুর মাত্র একদিন আগে বড় ধরনের সংকটে পড়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। আর্থিক সংকটের কারণ দেখিয়ে শেষ মুহূর্তে মালিকানা ছেড়ে দিয়েছে বর্তমান মালিকপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ রক্ষায় চট্টগ্রাম রয়্যালসের পূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানা বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার সকালে বিসিবিকে দেওয়া এক চিঠিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রশিদ জানান, আর্থিক সমস্যার কারণে তারা আর দল পরিচালনা করতে পারছেন না। চিঠিতে বিসিবিকে দলের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। এরপরই বিপিএল গভর্নিং কাউন্সিল দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করে মালিকানা গ্রহণের সিদ্ধান্ত নেয়। কোচিং স্টাফের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিবি দায়িত্ব নেওয়ায় খেলোয়াড়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। এর আগে পারিশ্রমিক ও ব্যাংক গ্যারান্টি নিয়ে মালিকপক্ষের টালবাহানায় ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ ছিল। পারিশ্রমিক না পাওয়ায় ইতোমধ্যে আয়ারল্যান্ডের পল স্টার্লিং, পাকিস্তানের আবরার আহমেদ এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এমনকি প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলসের আসাও এখনো অনিশ্চিত।
এখন থেকে চট্টগ্রাম দলের যাবতীয় খরচ ও পরিচালনা বিসিবি সরাসরি দেখভাল করবে। ঘাটতি পূরণে দ্রুততম সময়ে নতুন বিদেশি ক্রিকেটার ভেড়ানোর তোড়জোড় শুরু করেছে বোর্ড। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজিটি নিলামে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। পর্যাপ্ত সরঞ্জামের অভাব এবং কোচিং স্টাফের অনুপস্থিতিতে বিসিবির অধীনে দলটি আগামীকাল কেমন পারফর্ম করে, এখন সেটাই দেখার বিষয়।
বিপিএলের মতো বড় টুর্নামেন্টে আসর শুরুর আগমুহূর্তে ফ্র্যাঞ্চাইজির এমন পলায়নপর মনোবৃত্তি বিসিবির আয়োজক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।
জেএইচআর