টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)
সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:২৫ পিএম
চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে টঙ্গীতে রাত সাড়ে ১১টার পর সব দোকানপাট বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ জানায়, টঙ্গী শিল্পাঞ্চলে রাত ১১টার পর রাস্তার পাশে ও অলিগলির চায়ের দোকানে অপরাধীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে যায়। আড্ডার ফাঁকে তারা ছিনতাই ও মাদক ব্যবসা চালায় এবং দ্রুত স্থান পরিবর্তন করে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ, ফ্লাইওভারের নিচে ও ওপরে এবং অলিগলির চায়ের দোকানগুলোতে আড্ডা থেকেই অধিকাংশ অপরাধের জন্ম হচ্ছে।
রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ হয়ে গেলে রাস্তাঘাট ফাঁকা থাকবে। তখন কোনো অপরাধ ঘটলে সহজেই চোখে পড়বে এবং অপরাধীদের পালানোর সুযোগও কমে যাবে। এ ছাড়া দোকান বন্ধের পর পুলিশি টহল ও মনিটরিং জোরদার করা হবে এবং সিসি ক্যামেরা পুরোদমে সক্রিয় রাখলে অপরাধ আরও কমবে বলে ধারণা করছে পুলিশ। পাশাপাশি এলাকা ভিত্তিক পাহারা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
ওসি ওয়াহিদুজ্জামান বলেন, “ঘনবসতিপূর্ণ ও বস্তি এলাকা হওয়ায় টঙ্গীতে অপরাধীরা নানা কৌশলে অপরাধ সংঘটনের চেষ্টা করে। তাই রাত সাড়ে ১১টার পর দোকানপাট বন্ধ রাখা হবে। তবে জরুরি সেবা চালু থাকবে।”
ইএইচ