আন্তর্জাতিক ডেস্ক
জুন ৪, ২০২৬, ০৪:১৭ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে অভিযোগ করেছেন, যুদ্ধের পর ব্যর্থ হয়ে এখন দেশের শত্রুরা জনগণের মনোবল দুর্বল করতে এবং অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, জনগণের মধ্যে হতাশা, বিভ্রান্তি বা নৈরাশ্য ছড়াতে পারে-এমন বক্তব্য বা কর্মকাণ্ড শত্রুপক্ষকে সহায়তা করার শামিল। এ সময় তিনি দেশজুড়ে জাতীয় ঐক্য বজায় রাখা এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে কেন্দ্র করে দেশে বিভক্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রেজা বাহোনার।
তিনি বলেন, আলোচনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেশদ্রোহী বা গুপ্তচর হিসেবে আখ্যা দেওয়া জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নেতৃত্ব নিয়েও অনাকাঙ্ক্ষিত প্রশ্ন তৈরি হতে পারে।
বাহোনার আরও বলেন, যুদ্ধকালীন বা সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক মতভেদ নয়, বরং জাতীয় ঐক্য বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এম জি