ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)
জানুয়ারি ২, ২০২৬, ০৪:০৩ পিএম
নওগাঁর পোরশা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এক চোরাকারবারিসহ দুইটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে ১৬ বিজিবির নিতপুর বিওপির সদস্যরা ভুট্টাপাড়া গ্রাম থেকে দুইটি মহিষ ও এক চোরাকারবারিকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ১৬ বিজিবির টহল কমান্ডার হাবিলদার মো. ইলিয়াসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার নিতপুর ইউনিয়নের ভুট্টাপাড়া গ্রামের বালুভাঙ্গা মাঠ থেকে দুইটি ভারতীয় মহিষসহ চোরাকারবারি মিজাইলকে (৩৫) আটক করা হয়।
তিনি কালাইবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে। আটককৃত ভারতীয় মহিষ ও চোরাকারবারিকে পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। তিনি সীমান্ত অপরাধ দমনে তাঁর বাহিনীর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচ