ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৫১ পিএম
বরিশাল-৪ (হিজলা ও মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, ‘আমি নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জ আর অবহেলিত থাকবে না। যারা স্বপ্ন দেখাতে পারবে, জনগণ তাদের সাথেই থাকবে। আমরা সকল মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করব। নিরপরাধ কাউকে পুলিশি হয়রানি করতে দেওয়া হবে না।’
রোববার বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আরসি) মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় রাজিব আহসান এসব কথা বলেন।
জনসভায় রাজিব আহসান তার উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙন রোধ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। এ দ্বীপাঞ্চলের সাথে সারা বাংলাদেশের সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হবে। এছাড়া নির্বাচিত হতে পারলে কাজীরহাট থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন তিনি।
বরিশালের বিভাগীয় জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপের প্রসঙ্গ টেনে রাজিব আহসান বলেন, ‘আমি হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট থানার নদী ভাঙন সমস্যার কথা তাঁর সামনে তুলে ধরেছি। তারেক রহমান মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন এবং এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।’ তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ১২ তারিখ নির্বাচনের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা ও গোলাম ওয়াহিদ হারুন।
সভায় আরও বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, সাবেক আহ্বায়ক জিয়া উদ্দিন সুজন, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজী ও সদস্য সচিব আমজাদ পোদ্দার।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, সদস্য সচিব আমিনুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ