আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:১০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আসাদুল ইসলাম আজাদের সমর্থকদের বিরুদ্ধে কালো টাকা ব্যবহার এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
সোমবার বিকেলে মধুপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভোটারদের প্রভাবিত করতে কালো টাকা ব্যবহার করছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরণের গুজব এবং মিথ্যা অভিযোগ ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন প্রমুখ।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের শেষ মুহূর্তে এ ধরণের অপপ্রচার ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই তারা এ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ইএইচ