রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)
মার্চ ৯, ২০২৬, ০৩:২৭ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাটের গোডাউনসহ অন্তত ২১টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আহত ফায়ার ফাইটাররা হলেন- সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নূর আমিন ইমন। তারা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি টিনশেড পাটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পার্শ্ববর্তী তুলার মিল, গ্যাস সিলিন্ডারের দোকান, কাপড় ও মুদি দোকানসহ আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মিলন সিকদার জানান, তার গোডাউনে থাকা প্রায় ২০০ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে, যার বাজারমূল্য অন্তত ১২ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ৫০০ মণ পাট ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের গোডাউনের পাশের তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বাজারে পানির কোনো পাম্প বা নিকটবর্তী জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। অনেক দূর থেকে পানি সংগ্রহ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে দাবি করেন স্থানীয় ব্যবসায়ীরা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে দ্রুত সহযোগিতার ব্যবস্থা করা হবে।
জেএইচআর