মহসিন তালুকদার, মাদারীপুর
মার্চ ২০, ২০২৬, ০৫:০৩ পিএম
সারা দেশে ঈদ উদযাপনের একদিন আগেই মাদারীপুরের প্রায় ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই এসব গ্রামে ঈদের আনন্দ বিরাজ করছে।
আজ সকাল ৯টা ৩০ মিনিটে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় ১৫০ বছর আগে থেকেই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসবগুলো পালন করে আসছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে তাঁরা একই দিনে রোজা রাখা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।
মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর ও দৌলতপুর। কালকিনি উপজেলার হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর ও কয়ারিয়া। ডাসার উপজেলার রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর ও খাসেরহাটসহ অন্তত ২৫টি গ্রামের মানুষ এই ঈদ উৎসবে শামিল হয়েছেন।
স্থানীয় বাসিন্দা সাগর দেওয়ান জানান, আমাদের পূর্বপুরুষদের আমল থেকেই এই প্রথা চলে আসছে। প্রতি বছরই আমরা সৌদির সঙ্গে মিল রেখে অত্যন্ত ভক্তি ও আনন্দের সাথে রোজা এবং ঈদ পালন করি।
জেএইচআর