আমার সংবাদ ডেস্ক
মার্চ ২৩, ২০২৬, ০৮:৩১ পিএম
সাভারের কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সম্রাটকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকাকালীন সকাল সাড়ে সাতটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুন্সিগঞ্জের লৌহজং এলাকার বাসিন্দা সবুজ শেখ ওরফে সম্রাট ২০১৪ সালে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধজগতে প্রবেশ করেন। পরবর্তী সময়ে জামিনে বের হয়ে তিনি সাভারের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটাতে থাকেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি সাভারের একটি পরিত্যক্ত ভবন থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি মোট ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছিলেন। তার বিরুদ্ধে সাতটি হত্যা ও দুটি মাদক মামলা বিচারাধীন ছিল।
জেএইচআর