ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৪, ২০২৬, ০২:৪৭ পিএম

বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(২) অনুযায়ী চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, মাসুদ খান ২০২০ সালের জুলাই থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ৪৩ বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন বহুজাতিক ও স্থানীয় প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে লাফার্জহোলসিম বাংলাদেশে প্রায় ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে দেশে ও বিদেশে প্রায় ২০ বছর বিভিন্ন পদে কাজ করেছেন।

তিনি সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। বৃহস্পতিবার সকালে তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগকারী কমিশনাররা হলেন মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং সাইফউদ্দিন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

এম জি

Link copied!