মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
জুন ৪, ২০২৬, ০২:৪৯ পিএম
দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন জেলার কর্মজীবী মানুষ। এতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে চন্দ্রা ত্রিমোড় এলাকা ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গের ২২টি জেলার হাজারো যাত্রী ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও অন্যান্য শিল্পাঞ্চলে কর্মস্থলে যোগ দিতে এ সড়কপথ ব্যবহার করছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাস, মিনিবাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের পাশাপাশি কর্মস্থলে ফেরা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। তবে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে দেখা গেছে।
যাত্রী রহিমা বেগম জানান, ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে তারা সকাল থেকেই নিজ নিজ জেলা থেকে রওনা হয়েছেন। সড়কে যানবাহনের চাপ থাকলেও অন্যান্য বছরের তুলনায় যাত্রা অনেকটাই স্বাভাবিক রয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ছুটির আনন্দ কাটিয়ে আবার কর্মব্যস্ত জীবনে ফিরছেন তারা।
ঢাকাগামী যাত্রী কমল হোসেন বলেন, “ছুটি কাটিয়ে আবার কাজে ফিরছি। পথে কিছুটা যানজট থাকলেও যাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে। আশা করছি সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারব। তবে আগের তুলনায় কিছু কিছু রুটে পরিবহন ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে।”
পরিবহন চালক দুলাল মিয়া দুলু বলেন, “সকালের পর থেকেই যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গ থেকে আসা অধিকাংশ যানবাহন চন্দ্রা হয়ে ঢাকায় প্রবেশ করছে। ফলে মহাসড়কে স্বাভাবিকের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে।”
এ বিষয়ে কোনাবাড়ী-নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, “ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বিবেচনায় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। কোথাও যাতে দীর্ঘ যানজট সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, ছুটির শেষভাগে এবং কর্মদিবস শুরুর আগে প্রতি বছরই চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তবে এবার হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ফলে যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে পারছেন।
ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের এই ঢল আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এএন