টেলিভিশনের টকশো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখন থেকে আর কোনো টেলিভিশন টকশোতে অংশ নেবেন না।
ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লিখেছেন, “আল বিদা টকশো। অনিবার্য কারণবশত আজ থেকে কোনো টিভি টকশোতে যাবো না। শুধু আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলবো ইনশা আল্লাহ।”
তবে টেলিভিশনের টকশো থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তিনি পোস্টে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। ফলে তার এই সিদ্ধান্তের কারণ নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ভিত্তিক টকশোতে নিয়মিত অংশ নিয়ে নিজের মতামত তুলে ধরতেন গোলাম মাওলা রনি। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন।
তার আকস্মিক এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সিদ্ধান্তের কারণ জানতে আগ্রহ প্রকাশ করছেন, যদিও এ বিষয়ে এখনও তিনি আনুষ্ঠানিকভাবে আর কোনো মন্তব্য করেননি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন