নাসীরুদ্দীনকে রাশেদ

আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, পালানোর জায়গা পাইবেন না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০১:৩৮ পিএম
আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, পালানোর জায়গা পাইবেন না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিএনপিকে উদ্দেশ করে দেওয়া মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন- বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে রাশেদ খান এ কথা লিখেছেন। এরআগে গতকাল নওগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

ওই প্রসঙ্গ তুলে রাশেদ খান লিখেছেন, ‘এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামীলীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামীলীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে। বরং বিএনপি বিরোধীদলের এসব নেতাদের পাহারা দিয়ে রেখেছে, নতুবা বহু আগে আওয়ামীলীগ নামের হাঙ্গর এসব নেতাদের গিলে খেয়ে ফেলতো। তারপরও এরা বাস্তবতা বোঝে না কেন? ’

তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগকে যে এখনো মাঠের বাইরে, এটা বিএনপির প্রতিরোধের কারণেই। পতিত আওয়ামী লীগের মোকাবিলা করার সক্ষমতা বিএনপি ছাড়া আর কারও আছে? ভোটের জন্য তো তাদের জোট প্রধান আওয়ামীলীগ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তাদের এমপিরা তো এখন আত্মস্বীকৃতি দিচ্ছে যে, আওয়ামী লীগ ভোট না দিলে কি আমরা এমপি হতে পারতাম?’

রাশেদ খান লিখেছেন, ‘মূলত ৫ আগস্টের পরে সরকারি টাকাপয়সা কামিয়ে এসব নেতাদের শরীরে তেলচবর জমেছে। সেজন্য তারা বৃষ্টির দিনে জোস নিয়ে একটু গরম বক্তব্য দিয়ে শরীরটা ফিট করতে চাচ্ছে। সরকারি প্রটোকল নিয়ে সরকারের বিরুদ্ধে গরম বক্তব্য দিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি। বর্তমানেও সরকারি পাহারায় থেকে সরকারের কানাকড়িও ছেঁড়া যাবে না।’

তিনি আরও লিখেছেন, ‘মাত্র ১ বছরের ব্যবধানে জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত। গণঅভ্যুত্থানের পরে জামায়াতের চৌদ্দগুষ্টি উদ্ধার করে, ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে। মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে! আগে নিজেরা বাঁচবেন, না কি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন?’

এএন