আমার সংবাদ ডেস্ক
মে ১৯, ২০২৬, ০১:৫৫ এএম
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং আন্তঃদেশীয় সন্ত্রাস দমনে তথ্য বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের প্রতিনিধিরা। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনার ডেরেক লো। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, সাইবার অপরাধ দমন, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়েও দুই দেশের অবস্থান প্রায় একই।
জবাবে ডেরেক লো বলেন, বাংলাদেশ পুলিশের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত সিঙ্গাপুর। এ উদ্দেশ্যে বাংলাদেশ থেকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল সিঙ্গাপুর সফর করতে পারে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিঙ্গাপুর প্রতিবছর বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করে থাকে, যেখানে বাংলাদেশও অংশ নিতে পারবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন প্রতারণা, ফিশিং ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধ বেড়েছে। এসব মোকাবিলায় দুই দেশের মধ্যে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় জরুরি।
বৈঠকে আন্তঃদেশীয় সন্ত্রাস ও উগ্রবাদ দমনে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে রয়েছে।
ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে প্রস্তাব ইতোমধ্যে সিঙ্গাপুরের কাছে পাঠানো হয়েছে। সম্মতি মিললে দ্রুত চুক্তি স্বাক্ষরের আশা করছে বাংলাদেশ।
এ ছাড়া স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, আবাসন ও অবকাঠামো খাতে বাংলাদেশে বিনিয়োগে সিঙ্গাপুরের আগ্রহের কথাও তুলে ধরেন ডেরেক লো। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানান।
এম জি