নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:০১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল-সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে তিনি সেটিকে শ্রদ্ধার সঙ্গে মেনে নেন।
মঙ্গলবার দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় হামীম এ ঘোষণা দেন।
প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, “আজকের ভোট সার্বিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি লক্ষ্য করা গেছে।”
তিনি আরও লিখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য আমি অপেক্ষা করছি।”
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামীম আরও লেখেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।”
এদিকে, পৃথক এক ফেসবুক পোস্টে ছাত্রদল-সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন আমি প্রত্যাখ্যান করছি।”
রাত পৌনে ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পৃথকভাবে ফলাফল ঘোষণা শুরু হয়।
ইএইচ