আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:২৯ পিএম
গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে গেলে গতি কমে যায় এবং ইঞ্জিনে থাকা মবিল ছিটকে যাত্রীদের গায়ে পড়ে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে যান। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।
বিকল ইঞ্জিন উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয় এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, নতুন ইঞ্জিন দিয়ে প্রথম ট্রেন ছেড়ে গেছে এবং ধাপে ধাপে বাকি ট্রেনগুলোও চলাচল শুরু করছে।
জেএইচআর