সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬, ০৬:২৩ পিএম
গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুইটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও অসংগতির কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পাঁচজন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়ন বাতিল
এই আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরিতে থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমান; সমর্থনকারী ভোটার সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোছা. সালমা আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা মহসিন; দলের মনোনয়নপত্র সঠিক না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রমজান আলী এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মাহফুজুল হক সরদার।
গাইবান্ধা-২ (সদর) আসনে মনোনয়ন বাতিল
গাইবান্ধা সদর আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, দলের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল মাজেদ এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম গোলাম আযম।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং যেসব প্রার্থীর মনোনয়নপত্রে আইনগত ত্রুটি পাওয়া গেছে, সেগুলো বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, পর্যায়ক্রমে জেলার অন্যান্য সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
ইএইচ