সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:৫৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা বিএনপির আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় মনোনীত প্রার্থীর উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শনিবার বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী একটি বিশাল নির্বাচনী মিছিল বের করেন।
মিছিলটি হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড় অতিক্রম করে পুনরায় হাইস্কুল মাঠে এসে শেষ হয়।
এ সময় মিছিলজুড়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সাদুল্লাপুর শহর। নেতাকর্মীদের পদচারণায় এলাকায় সৃষ্টি হয় এক প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি কোনো দলের প্রার্থী হিসেবে নয়, আমি একজন সাদুল্লাপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। আমি দল বুঝি না—আমি মানুষ বুঝি। এই এলাকার উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার আদায় এবং সাদুল্লাপুরকে এগিয়ে নিতে আপনাদের সমর্থন প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সাদুল্লাপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। এই জনপদকে উন্নয়নের মূলধারায় আনতে হলে আমাকে ক্ষমতা দিতে হবে। তাই দল-মত নির্বিশেষে সকলের ভোট ও দোয়া কামনা করছি।”
সমাবেশ ও মিছিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
নেতাকর্মীরা জানান, আগামীর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে ঐক্যবদ্ধ করা এবং জনগণের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। তারা আশাবাদ ব্যক্ত করেন, সাদুল্লাপুরের মানুষ উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে রায় দেবে।
ইএইচ