হেলাল মজুমদার, ভেড়ামারা
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:১৭ পিএম
ভবনের চারদিকে বড় বড় ফাটল। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। যেকোনো সময় ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে এ জরাজীর্ণ ভবনেই চলছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমিরদিয়াড় রামকৃষ্ণ কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম।
উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুন হাট এলাকায় অবস্থিত এ ক্লিনিকে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা নিতে আসছেন।
সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ দশা সত্ত্বেও স্থানীয় গ্রামীণ স্বাস্থ্য অবকাঠামোর অংশ হিসেবে মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন কর্মীরা। এখান থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিও পরিচালিত হয়।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও স্বাস্থ্য সহকারীরা জানান, ভবনটির অবস্থা এতটাই নাজুক যে ভেতরে বসে কাজ করা দুষ্কর। সেবা নিতে আসা রোগীরা সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকেন। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের নিয়ে আসা অভিভাবকেরা চরম নিরাপত্তাহীনতায় ভোগেন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে এ ভবনটিতে অফিস চালানো সম্ভব নয়। ঝুঁকি নিয়েই আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরে উদ্যোগ গ্রহণ করেছি।’
স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্লিনিক ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, সাধারণ ঠান্ডা, জ্বর, ডায়রিয়া বা গর্ভকালীন সেবার জন্য এলাকার মানুষের একমাত্র ভরসা এ ক্লিনিকটি। তাই এটি বন্ধ হয়ে গেলে বা ভেঙে পড়লে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।
ইএইচ