রাকিবুল হাসান, রাজশাহী
ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৬ পিএম
রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। সাহিত্যচর্চা, বইপাঠ এবং সাংস্কৃতিক বন্ধনে নতুন প্রজন্মকে যুক্ত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
শুক্রবার সকাল ১০টায় মহানগরীর বাটার মোড়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের আয়োজকসহ রাজশাহীর কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ভাষা ও সাহিত্যের কারিগরদের একত্র করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী মেলায় বই প্রদর্শনী, কবিতা পাঠ, আলোচনা সভা ও সাহিত্য আড্ডাসহ নানা আয়োজন রাখা হয়েছে।
মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের লেখক ও প্রকাশকদের প্রকাশনাও স্থান পেয়েছে। পাঠক ও দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে কিছু দুর্লভ ও সংগ্রহযোগ্য বই প্রদর্শন করা হয়েছে।
দুই দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা বইপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী সকলকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জেএইচআর