রাকিবুল হাসান, রাজশাহী
মার্চ ১৩, ২০২৬, ০৫:৩৩ পিএম
রাজশাহী জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের মধ্যে ২০টিতেই জয়লাভ করেছে এই প্যানেল।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে মো. আবুল কাসেম সভাপতি এবং পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে সহসভাপতি পদে এই প্যানেলের বাইরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের প্রার্থী এ কে এম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি মাহাবুবুল ইসলাম ও মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক কানিজ ফাতেমা কাজল।
এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন- ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন।
বৃহস্পতিবার রাজশাহী আইনজীবী সমিতির ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই নির্বাচনে মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম, এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা।
জেএইচআর