আমার সংবাদ ডেস্ক
মে ৮, ২০২৬, ০৮:০৩ পিএম
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে নামাজ চলাকালে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মসজিদের প্রবেশপথের গ্লাস ভেঙে পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, নাসির উদ্দিন পাটোয়ারীর মসজিদে আগমনকে কেন্দ্র করে কিছু উৎসুক জনতা ও অনুসারী মসজিদের ভেতরে স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে ভিড়ের চাপে ও ধাক্কাধাক্কিতে মসজিদের দরজার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনায় কাঁচের আঘাতে পাঁচজন মুসল্লি হাত-পা কেটে আহত হন। মুসল্লিরা অভিযোগ করেন, পবিত্র স্থানে এ ধরনের হট্টগোল ও স্লোগান ইবাদতের শান্ত পরিবেশ বিঘ্নিত করেছে।
নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার এই ঘটনাকে ‘উৎসুক জনতার ভিড়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হওয়ায় তাকে দেখার আগ্রহ থেকে এই ধাক্কাধাক্কি হয়েছে।
মসজিদের গ্লাস ভাঙার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, এর ক্ষতিপূরণ তাদের পক্ষ থেকে দেওয়া হবে। তবে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু লোক পরিকল্পিতভাবে সেখানে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে।
বিশৃঙ্খলার আগে জুমার খুতবার পূর্বে দেওয়া বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারী মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মুসলমানদের সজাগ থাকতে হবে। ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে আমাদের দেশের বিরুদ্ধে আসা সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
এছাড়া তিনি মসজিদের মাধ্যমে স্কুল, হাসপাতাল ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান যাতে অসহায় মানুষ উপকৃত হতে পারে।
ঘটনার পর এনসিপি প্রতিনিধিরা মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ইমামের সঙ্গে কথা বলেছেন। মসজিদ কমিটি ও স্থানীয়রা ভবিষ্যতে ইবাদতের স্থানে এ ধরনের রাজনৈতিক স্লোগান বা বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।
জেএইচআর