দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
জুন ৬, ২০২৬, ১২:১২ পিএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নতুন ধামশ্বর বাজার সংলগ্ন খেলার মাঠ পুনঃসংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় দৌলতপুর উপজেলার নতুন ধামশ্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
ধামশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন পৃথক পৃথক মিছিল নিয়ে মাঠ এলাকায় জড়ো হন। এসময় তারা ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও’, ‘রক্ত দেব, মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই, সে জন্য মাঠ চাই’, ‘এই মাঠে পুনরায় মাটি ভরাট চাই’- এ ধরনের স্লোগান দেন। পরে তারা ‘প্রজন্মের অধিকার, ১০০ বছরের এই খেলার মাঠ পুনঃসংস্কারের দাবিতে’ মাঠের একপাশে মানববন্ধন করেন।
স্থানীয় শিহাব হোসেন বলেন, এই মাঠটি আমাদের এলাকায় ১০০ বছরের ঐতিহ্যবাহী মাঠ। বিগত ২০২২-২৩ অর্থবছরে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইদ্রিস আলী অবৈধভাবে উন্নয়নের নামে খেলার মাঠের মাটি কেটে মাঠকে পুকুরে রূপান্তর করেছেন। তার দাপটে বিগত সময়ে আমরা কথা বলতে পারিনি। তারপরও আমরা প্রতিবাদ করেছি, কিন্তু তিনি আমাদেরকে মেরে ফেলার হুমকি এবং ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলার ভয় দেখিয়েছেন। আমরা তার উপযুক্ত শাস্তি দাবি করি। বর্তমানে আমাদের মাননীয় সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির মহোদয়ের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে মাঠের পুনঃসংস্কারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, ‘আমাদের স্কুলে কোনো খেলার মাঠ না থাকায় স্কুলের ফাঁকে আমরা এই মাঠে এসে খেলাধুলা করি। এই মাঠেই আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠের মাটি কেটে পুকুর করায় আমাদের খেলাধুলা আর আগের মতো হচ্ছে না। সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই মাঠটি যেন তারা নতুন করে আবার মাটি ভরাট করে দেয়।’
ধামশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক খেলোয়াড় হৃদয় হোসেন দরবেশ বলেন, ‘আমাদের নতুন ধামশ্বর এলাকায় প্রায় ৫ হাজার বাসিন্দা এই মাঠে খেলাধুলা, জানাজা ও ধর্মীয় কাজে ব্যবহার করেন। তাই মাঠটি রক্ষায় সংশ্লিষ্ট সব মহলের কাছে নতুন করে সংস্কারের জোর দাবি জানাচ্ছি। বিগত সরকারের আমলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইদ্রিস আলী অবৈধভাবে উন্নয়নের নামে মাটি কেটে বিক্রি করেছেন তার উপযুক্ত শাস্তি দাবি করছি।’
এসময় ৭নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক হাসু মিয়া বলেন, আমাদের শত বছরের ঐতিহ্য খেলার মাঠটি বিগত সরকারের আমলে ভয়ভীতি দেখিয়ে আওয়ামী লীগের দোসর ও ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস আলী মাটি কেটে মাঠকে ডোবায় পরিণত করেছেন। আমরা প্রতিবাদ করলেও তিনি বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়েছেন। কিছুদিন আগেও তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল আত্মসাৎ করেছেন বলে আমরা অভিযোগ করছি। আমরা এই চেয়ারম্যানের উপযুক্ত বিচার দাবি করছি।
এসময় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইদ্রিস আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এএন