রাজবাড়ী প্রতিনিধি
জুন ৪, ২০২৬, ০৯:০৫ পিএম
রাজবাড়ীর পাংশা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. জীবন মণ্ডল (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা মডেল থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
অভিযুক্ত জীবন মণ্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার বাসিন্দা এবং মো. বেনু মণ্ডলের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির সম্পর্কে চাচা।
ভুক্তভোগী শিশুর নানি জানান, তার মেয়ে ও জামাই ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। গত বুধবার দুপুর ২টার দিকে জীবন তার নাতনিকে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
তিনি বলেন, এ সময় পুকুরে গোসল করে বাড়ি ফেরার পথে এক নারী ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু মাতব্বর চেষ্টা চালিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
পাংশা মডেল থানার তদন্ত পরিদর্শক মো. আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন নামে এক কিশোর শিশুটিকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।
তিনি আরও জানান, আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করা করেছে। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এম জি