আমার সংবাদ ডেস্ক
মে ১৮, ২০২৬, ০৭:৪৮ পিএম
ফার্নেস অয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন এই মূল্য আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারের গড় মূল্য এবং ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পরিবর্তন বিবেচনায় এনে নতুন এই সমন্বয় করা হয়েছে।
এর আগে ১৫ মার্চ ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি মার্চ মাসে আমদানি না থাকায় আগের ও পরের সময়ের আন্তর্জাতিক বাজারের গড় দাম এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সমন্বয়ের সুপারিশ দেয়। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত কমিশন সভায় সেই সুপারিশ যাচাই-বাছাই করে নতুন দাম অনুমোদন করা হয়।
প্রসঙ্গত, দেশে আমদানি করা ফার্নেস অয়েলের বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফলে দাম বাড়লে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে বিদ্যুতের দামেও প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এম জি