আমার সংবাদ ডেস্ক
মে ১৬, ২০২৬, ১১:৪২ এএম
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে তাসনিম সিনহা। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হামিদুর রহমান সিনহা এবং মায়ের নাম নূরজাহান সিনহা।
তার শৈশব কেটেছে কলকাতায়। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় স্নাতক (বিএসএস) ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি দেশের একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত ছিলেন।
জেএইচআর