আমার সংবাদ ডেস্ক
মে ১৩, ২০২৬, ০৪:৪৭ পিএম
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃত ১৩ জনের মধ্যে ১১ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন। সাম্প্রতিক সময়ে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন সাভারের নুসরাত শারমীন, যশোরের মো. আব্দুল মতিন এবং দিনাজপুরের মো. আজহারুল হক। এর আগে ঠাকুরগাঁওয়ের নিলুফা বেগম, ফরিদপুরের নাসিরউদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এছাড়া মদিনায় মারা গেছেন রংপুরের শামসুল আলম ও জামালপুরের মো. আব্দুল হাই। তালিকায় আরও রয়েছেন শেরপুরের আবদুল্লাহ আল মামুন, দিনাজপুরের খলিলুর রহমান, ময়মনসিংহের সেরাজুল হক, টাঙ্গাইলের আবুল কাশেম এবং জয়পুরহাটের নইম উদ্দীন মন্ডল। তারা সকলেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন। গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়, যা আগামী ৩১ মে পর্যন্ত চলবে।
হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, ৩০ জুনের মধ্যে সকল হজযাত্রী দেশে ফিরে আসবেন।
জেএইচআর